কল্যাণীতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি
দি নিউজ লায়ন ; তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীতে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন তৃণমূল কর্মী চন্দ্রচূড় মিত্র। তৃণমূলের অভিযোগ ঘটনার পেছনে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী চন্দ্রচূড়। ১৪ নম্বর এলাকার কাছে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় বাইক থেকে ছিটকে পড়েন ওই তৃণমূল কর্মী। গুলি চালানোর পর দুষ্কৃতীরা বাইকে চেপে পালিয়ে যায় এলাকা ছেড়ে।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা চন্দ্রচূড়কে প্রথমে কল্যাণী জেএমএম হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তার পিঠে গুলি লেগেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে যথেষ্ট পরিচিতি ছিল চন্দ্রচূড়ের। সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তেন তিনি। এলাকায় দক্ষ সংগঠক ছিলেন। তাই পরিকল্পনা করে বিজেপি তাকে খুন করতে চাইছে।
শুধু চন্দ্রচূড় নয় নদীয়া জেলা জুড়ে একাধিক তৃণমূল কর্মীর ওপর হামলার ঘটনা ঘটছে।বহিরাগত দুষ্কৃতীদের এনে লাগাতার তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার ছক কষছে বিজেপি, এমনই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান একটি বাইকে দুজন দুষ্কৃতী গুলি চালিয়েছে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কল্যাণী ছাড়াও আশপাশের সমস্ত থানা কে সতর্ক করা হয়েছে। দ্রুত সব দুষ্কৃতীদের নাগাল পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Post a Comment